শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক – মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্কের রাজ্য রাজনীতিতে রচিত হলো এক নতুন ইতিহাস। নিউ ইয়র্ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ১২ (SD-12) আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবের কাওয়াস (Aber Kawas)। প্রধান মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রক্ষেপণ অনুসারে, ভোট গণনার ৯০ শতাংশ শেষ হওয়া পর্যন্ত প্রগতিশীল সমাজকর্মী আবের কাওয়াস প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী হ্যান-খন তো (Han-Khon To)-কে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই অভাবনীয় জয়ের মাধ্যমে তিনি নিউ ইয়র্ক স্টেট লেজিসলেচারে (আইনসভা) নির্বাচিত প্রথম হিজাবধারী ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন।
নিউ ইয়র্ক সিটির কুইন্স অঞ্চলের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনটিতে আবের কাওয়াসের জয়কে প্রগতিশীল রাজনীতির এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ডেমোক্র্যাটিক সোশ্যালিষ্ট অব আমেরিকা (DSA) সমর্থিত এই তৃণমূল সংগঠক মূলত সাশ্রয়ী আবাসন, সবার জন্য স্বাস্থ্যসেবা, অভিবাসী অধিকার রক্ষা এবং যুদ্ধবিরোধী প্রগতিশীল ইস্যু নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।

জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ একটি সংক্ষিপ্ত বার্তায় আবের কাওয়াস লিখেছেন, “আমরা ইতিহাস তৈরি করেছি।” বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্কের মতো ডেমোক্র্যাটিক ঘাঁটিতে প্রগতিশীল প্রার্থীদের এই বিপুল ভোটপ্রাপ্তি বর্তমান ট্রাম্প প্রশাসনের কট্টর নীতিমালার বিরুদ্ধে সাধারণ ভোটার ও যুবসমাজের তীব্র অসন্তোষেরই স্পষ্ট বহিঃপ্রকাশ।