নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সম্মাননা প্রদান, সংগীত পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং সাংবাদিক ও উপস্থাপক মাইনুল ইসলাম।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতা এবং উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। সাংবাদিকতায় অবদানের জন্য চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলাম, পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ এবং উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে ভূমিকার জন্য মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈন সম্মাননা পান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং নারী উদ্যোক্তা কনা রেজাসহ বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ দৃঢ় করতে পারে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির দ্বৈত সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, শিল্পী, ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।