এনডব্লিউএসএল প্লে-অফ কোয়ার্টার ফাইনালে রোববার ঘরের মাঠে সিয়াটল রেইনের মুখোমুখি গথাম এফসি

স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের শীর্ষ পেশাদার লিগ ন্যাশনাল উইমেনস সকার লিগের (NWSL) ২০২৬ সালের প্লে-অফে রোববার, ৮ নভেম্বর সিয়াটল রেইন এফসির মুখোমুখি হবে গথাম এফসি। কোয়ার্টার ফাইনালের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।

এবারের নিয়মিত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রথমবারের মতো ন্যাশনাল উইমেনস সকার লিগের শিল্ড (NWSL Shield) জিতেছে গথাম এফসি। নিয়মিত মৌসুমে লিগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে এই শিল্ড দেওয়া হয়। শিল্ড জয়ের পাশাপাশি গথাম প্লে-অফে প্রথম বাছাইয়ের মর্যাদাও অর্জন করেছে।

নিয়মিত মৌসুমে গথামের রেকর্ড ছিল ১৮ জয়, ৫ ড্র ও ৭ হার। মোট ৬১ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষস্থান নিশ্চিত করে। এর ফলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হোম গ্রাউন্ডে খেলার সুবিধা পাবে দলটি। অন্যদিকে, সিয়াটল রেইন ১৪ জয়, ৫ ড্র ও ১১ হার নিয়ে ৪৭ পয়েন্টে অষ্টম স্থান অর্জন করে প্লে-অফে জায়গা করে নিয়েছে। শেষ ম্যাচে অরল্যান্ডো প্রাইডকে ১-০ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে।

চলতি মৌসুমে দুই দল দুইবার মুখোমুখি হয়েছে এবং দুই ম্যাচেই জয় পেয়েছে গথাম এফসি। জুলাই মাসে সিয়াটলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে গথাম ৩-২ গোলে জয় পায়। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে রোজ লাভেলের করা গোলে নাটকীয় জয় নিশ্চিত হয়। তবে প্লে-অফের লড়াইয়ে অতীতের ফলের চেয়ে বর্তমান পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। সিয়াটল মৌসুমের শেষ ভাগে ভালো ছন্দে ফিরেছে। অন্যদিকে, নিয়মিত মৌসুমের শীর্ষ দল হিসেবে গথাম নিজেদের মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।

ম্যাচটি যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে সরাসরি সম্প্রচার করবে এবিসি ও ইএসপিএন ডিপোর্টেস এবং ইএসপিএন এপে (ESPN Deportes। ESPN App) এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে, তবে স্ট্রিমিংয়ের জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন প্রয়োজন।

এবারের ন্যাশনাল উইমেনস সকার লিগের (NWSL) প্লে-অফে আটটি দল অংশ নিচ্ছে। কোয়ার্টার ফাইনাল শেষে বিজয়ী চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ নভেম্বর। আর ২০২৬ সালের ন্যাশনাল উইমেনস সকার লিগ চ্যাম্পিয়নশিপ (NWSL Championship) অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ওয়াশিংটন ডিসির অডি ফিলডে (Audi Field)।

দুইবারের ন্যাশনাল উইমেনস সকার লিগ চ্যাম্পিয়ন গথাম এফসি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ঘরের মাঠে সিয়াটলকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে নিউ জার্সির দলটি।