নিউইয়র্ক: জাতীয় শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের ইতিহাস এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাত দিনে ধারাবাহিকভাবে সাতটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড আওয়ামী লীগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকাবহ আগস্টের প্রথম সাত দিনে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল @worldawamileague-এ গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। প্রকাশের জন্য নির্ধারিত গানগুলো হলো— ‘শোকাবহ আগস্ট’, ‘পনেরো আগস্ট’, ‘মুখোশ ভাঙার গান’, ‘নীল নকশার কালো জাল’, ‘ইতিহাসের রাজকন্যা শেখ হাসিনা’, ‘আমার জন্য কেঁদো না বাংলাদেশ’ এবং ‘ইতিহাসের বাড়ি ধানমন্ডি ৩২’।
আয়োজকদের ভাষ্য, গানগুলোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ, ১৫ আগস্টের শোকাবহ ঘটনা, বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায় এবং জাতীয় চেতনার নানা দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ঘটনাগুলোকে সঙ্গীতের মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাও এই উদ্যোগের অংশ।
ওয়ার্ল্ড আওয়ামী লীগ জানিয়েছে, প্রতিদিন একটি করে গান তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য গানগুলো উন্মুক্ত থাকবে। সংগঠনটি শোকের মাসে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহিদদের স্মরণে এই বিশেষ সঙ্গীত আয়োজন উপভোগ করতে দর্শক-শ্রোতাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল @worldawamileague অনুসরণ করার আহ্বান জানিয়েছে।