শেখ হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১-এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে করা মামলায় ৪৭তম সাক্ষীর জবানবন্দি পেশ করার দ্বিতীয় অর্থাৎ শেষ দিন এ কথা বলেন তিনি।

আজ সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত তিনি জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। এরপর জেরার জন্য বিরতির পর আজ দুপুর ২টার সময় নির্ধারণ করেন আদালত। ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা ৩ আগস্ট সবার সঙ্গে আলোচনা করে ভাবছিলাম ড. ইউনূসকে সরকারপ্রধান করব। একই সঙ্গে তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনে প্রস্তাব দেওয়া হয়। এনসিপির আহ্বায়ক বলেন, ‘গত বছর ৫ আগস্ট সংবাদ সম্মেলন করে সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। আমরা আরো দাবি জানাই, কোনো ধরনের সেনাশাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না।