শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক — জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পাঁচটি শূন্য পদে বিচারক নির্বাচনের জন্য আজ মঙ্গলবার ভোট দিচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। পাঁচটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী।
জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ পৃথকভাবে এবং একই সময়ে এ নির্বাচন পরিচালনা করছে। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে উভয় পরিষদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। নিরাপত্তা পরিষদে অন্তত আটটি ভোট এবং সাধারণ পরিষদে অন্তত ৯৭টি ভোট প্রয়োজন।
প্রতিদ্বন্দ্বী নয়জন প্রার্থী হলেন যুক্তরাজ্যের ড্যাপো আকান্দে, ফ্রান্সের ফ্রাঁসোয়া আলাব্রুন, জর্ডানের মাহমুদ দাইফাল্লাহ হামুদ, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, সিয়েরা লিওনের চার্লস চেরনর জাল্লোহ, সিঙ্গাপুরের রেনা লি, কেনিয়ার ফিবি ওকোওয়া, দক্ষিণ কোরিয়ার জিন-হিউন পাইক এবং ইকুয়েডরের মার্সেলো ভাসকেজ-বারমুদেজ।
আইসিজে ১৫ জন বিচারক নিয়ে গঠিত। বিচারকেরা নয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং প্রতি তিন বছর পরপর পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিজয়ী বিচারকেরা ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
আইসিজের বিচারক নির্বাচনে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের ভোটের গুরুত্ব সমান। কোনো প্রার্থীকে নির্বাচিত হতে হলে উভয় পরিষদেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়। ফলে এক পরিষদে সমর্থন পেলেও অন্য পরিষদে প্রয়োজনীয় ভোট না পেলে তাঁর নির্বাচন সম্পন্ন হবে না।
আন্তর্জাতিক আইন, বৈশ্বিক বিরোধ নিষ্পত্তি এবং রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধের বিচারিক সমাধানে আইসিজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন পাঁচ বিচারক নির্বাচনকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।