প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা

নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা দাবিদাওয়া, স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক। গত রোববার (১০ মে) সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেস⁠ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী বাংলাদেশীদের দাবিদাওয়া নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সম্পত্তির সুরক্ষা ও প্রবাসে এনআইডি কার্যক্রম সহজ করতে সরকার পদক্ষেপ নিয়েছে। বিএনপি সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের মরদেহ দেশে আনাসহ তাদের উপর যে কোন হয়রানি প্রতিরোধে বিএনপি সরকার সোচ্ছার। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং তাদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের সঙ্গে এ ধরনের খোলামেলা মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও লায়ন শাহ নেওয়াজ বলেন, মন্ত্রী আরিফুল হকের মাধ্যমে প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে আমার দাবি, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই। একই সময়ে স্বাধীনতা পেয়ে আরব আমিরাত যদি একটি নিরাপদ সমৃদ্ধ দেশ হতে পারে, তাহলে বাংলাদেশ কেন একটি নিরাপদ দেশ হবেনা। সরকারের সাথে কাধে কাধ মিলিয়ে সততার সাথে কাজ করলে অচিরেই সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের নাগরিক সুবিধা, শ্রম অধিকার, বৈধ কাগজপত্র, দূতাবাসের সেবার মান উন্নয়ন, রেমিট্যান্স প্রণোদনা এবং বাংলাদেশে বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।