১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট

সৌদি আরব সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এর একদিন আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

হজ ফ্লাইটের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বাকি ৪টি পরিচালনা করবে ফ্লাইনাস এয়ারলাইনস।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার হজ চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী। আগামী ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।