টানা তৃতীয়বার ব্যর্থতা: বিশ্বকাপ থেকে বাদ পড়লো ইতালি

ডেস্ক রিপোর্টঃ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে। ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ম্যাচে শুরুটা ভালোই করেছিল ইতালি। মোইসে কীন-এর গোলে তারা প্রথমে এগিয়ে যায়। কিন্তু প্রথমার্ধেই ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দলটি ১০ জনে পরিণত হয়।

পরে বসনিয়ার হারিস তাবাকোভিচ গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ইতালি ৪-১ ব্যবধানে হেরে যায়। ইতালির দুই খেলোয়াড় পেনাল্টি মিস করেন, আর বসনিয়া সবগুলো শটেই সফল হয়।

এই হারের ফলে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলো (২০১৮, ২০২২, ২০২৬)। ফুটবল ইতিহাসে এটি তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলের কোচ জেন্নারো গাত্তুসো এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, দল ভালো চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফল তাদের পক্ষে যায়নি।একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ইতালি এখন দীর্ঘদিন ধরে ধারাবাহিক ব্যর্থতার মধ্যে রয়েছে। ২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপে খেলতে পারেনি দলটি।