টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দেবেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট

নিউইয়র্কের টাইমস স্কয়ারে আগামী ১১ এপ্রিল চতুর্থবারের মতো আয়োজন করা হবে বাংলা বর্ষবরণ উৎসব। সেদিন মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান-সিগাল।

আয়োজনকারী প্রতিষ্ঠান এনআরবি ওয়ার্ল্ডওয়াইড-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিত সাহা এ তথ্য জানিয়েছেন। আয়োজকদের মতে, নিউইয়র্কে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটি বিশ্বজুড়ে বাঙালিদের দৃষ্টি আকর্ষণ করবে।

বর্ষবরণ উপলক্ষে স্থানীয় সময় রোববার কুইন্সের নবান্ন মিলনায়তনে তৃতীয় দফার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মহড়ায় পরিচালক মহিতোষ তালুকদার তাপসসহ শতাধিক শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।

মহিতোষ তালুকদারের পরিচালনায় গত শনি ও রোববার নতুন পাঁচটি গানের মহড়া হয়। রোববার প্রথম পর্বে শিশু-কিশোর এবং পরের পর্বে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক শিল্পী মিলিয়ে প্রায় শতাধিক অংশগ্রহণকারী মহড়ায় যোগ দেন।

এর আগে লোকসংগীত শিল্পী শাহীন হোসেনের তত্ত্বাবধানে জারি, সারি ও মারফতি গানের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচিত ১৫ জন শিল্পী অংশ নেন। রবীন্দ্রসংগীত শিল্পী কার্তিক চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত আরেকটি মহড়ায় অংশ নেন ১২ জন শিল্পী। এছাড়া, চন্দ্রা ব্যানার্জীর কোরিওগ্রাফি ও নির্দেশনায় টাইমস স্কয়ারের অনুষ্ঠানের জন্য পঞ্চাশেরও বেশি নৃত্যশিল্পী গত সপ্তাহে নিয়মিত অনুশীলন করেছেন।

আগামী ১১ এপ্রিল টাইমস স্কয়ার এবং ১২ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিউইয়র্কের বিভিন্ন বরোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির বলেন, ব্যস্ততা ও চ্যালেঞ্জের মধ্যেও এই উৎসব গত চার বছর ধরে প্রবাসীদের জীবনে সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে। সম্প্রতি হওয়া মহড়াগুলোতেও এর প্রতিফলন দেখা গেছে।