সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি আজ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি আয়োজন করে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ), কিউডিসি এবং বিএটিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)-এর সভাপতি মিজানুর রহমান এবং পুরো আয়োজনের সঞ্চালক ও স্বাগতিক ছিলেন প্রশাসনিক পরিচালক আহমেদ সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনেটর স্ট্যাভিস্কি আসন্ন নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এ উপলক্ষে তিনি বাংলাদেশি-আমেরিকান ভোটারদের সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটি নেতা, সামাজিক কর্মী, অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত অনেকেই সেনেটর স্ট্যাভিস্কিকে আশ্বস্ত করেন যে, আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে বাংলাদেশি কমিউনিটি সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদান করবে।
সেনেটর স্ট্যাভিস্কি বাংলাদেশি কমিউনিটির উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিউইয়র্কের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকানদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।