নিউইয়র্কের মেয়র পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ এবং তীব্র সমালোচনার মুখে অবশেষে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস আসন্ন মেয়র নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। অ্যাডামস শুরু থেকেই নির্বাচনী দৌড়ে পিছিয়ে ছিলেন। সর্বশেষ জরিপে তিনি চতুর্থ স্থানে ছিলেন—শীর্ষে আছেন সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি, এরপর প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

তিনি রোববার এক ভিডিওবার্তায় বলেন, ‘আপনাদের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য বড় সম্মান। আমাদের অনেক সাফল্য আছে, তবে আমি জানি এই প্রচারণা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।’ অ্যাডামস কারও প্রতি সরাসরি সমর্থন ঘোষণা না করলেও মামদানি ও ক্যুমোকে ইঙ্গিত করে সতর্ক করেন। তিনি বলেন, স্থানীয় সরকার যেন চরমপন্থী আদর্শের ধোয়ামোছার স্থান না হয় এবং ভোটারদের আহ্বান জানান flip-flop করা রাজনীতিবিদকে বেছে না নিতে।

একই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার প্রচারণা শেষ হলেও জনসেবার পথ শেষ হচ্ছে না। আমি একজন নিউইয়র্কার, তাই শহরের জন্য লড়াই চালিয়ে যাব।’

অ্যাডামসের বিরুদ্ধে আনা ফেডারেল দুর্নীতির মামলা ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ বাতিল করার পরও তার ভাবমূর্তি ঘিরে সংশয় কাটেনি। ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে তার জন্য অ্যাম্বাসেডরশিপসহ নানা সম্ভাবনার আলোচনা হলেও সেগুলো আর বাস্তবায়িত হয়নি।

পর্দার আড়ালে হোয়াইট হাউস এবং রিপাবলিকান কৌশলবিদরা চেয়েছিলেন অন্তত একজন প্রার্থী সরে দাঁড়াক, যাতে মামদানির জয়ের পথ রুদ্ধ হয়। জরিপ বলছে, মামদানিকে হারানোর ক্ষেত্রে একমাত্র ক‍্যুমো কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে রিপাবলিকান কার্টিস স্লিওয়া দৌড়ে থাকার ঘোষণা দিয়ে গেছেন।

অ্যাডামস প্রচারণা বন্ধ করলেও নভেম্বরের নির্বাচনের ব্যালটে তার নাম থেকে যাবে। একইভাবে আরেক স্বতন্ত্র প্রার্থী জিম ওয়ালডেনও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও তাদের ভোটের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।