যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) জন্য বড় এক ধাক্কা; তাদের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রথমে জানায়, মঙ্গলবার এক ভার্চুয়াল সভার পর আইসিসি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। পরে আইসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই শাস্তির ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো পড়বে না।
ইউএসএসিকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন এবং ‘ব্যাপক’ প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায়। এর দুই মাসের একটু বেশি সময় পরই এলো শাস্তির খবর। মূলত, বারবার ও ধারাবাহিকভাবে আইসিসির বাধ্যবাধকতা অমান্য করার কারণেই এই শাস্তি।
জুলাইয়েই আইসিসি বলেছিল, ইউএসএসি ‘পর্যবেক্ষণে’ থাকবে, যেমনটি ২০২৪ সালের জুলাই থেকে রয়েছে। ইউএসএসিকে সতর্ক করে আইসিসি বলেছিল, সংস্কারের অগ্রগতির ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের আছে।এখন দেশটির ক্রিকেট পরিচালনার তদারকি কে করবে, তা স্পষ্ট নয়।