নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের মুখপাত্র হওয়ার অভিযোগ তুলে সোমবার রাতে ফ্লোরিডার একটি আদালতে এই মামলা করেন তার আইনজীবী।মামলায় অভিযোগ করা হয়, নিউইয়র্ক টাইমস ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে। সংবাদমাধ্যমের বিরুদ্ধে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ মামলা। এর আগে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি নিউজ ও প্যারামাউন্টের বিরুদ্ধে মামলা করেন। এরমধ্যে কিছু মামলা এখনও চলছে।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা কয়েকটি প্রতিবেদন এবং সাংবাদিক সুসান ক্রেইগ ও রাস বুয়েটনারের লেখার কপি আদালতে জমা দেন। ট্রাম্প দাবি করেন, এসব প্রকাশনায় ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।ট্রাম্প অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস দশকের পর দশক ধরে তার পরিবার, ব্যবসা ও রাজনীতি সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছে। এছাড়া, ২০২৪ সালের নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিউইয়র্ক টাইমসের সমর্থন জানানোর বিষয়টি ছিল ‘অবৈধ প্রচার’। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মামলা ও অভিযোগের বিষয়ে নিউইয়র্ক টাইমস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে প্রকাশিত একটি কলামকে কেন্দ্র করে ‘নিউইয়র্ক টাইমসের’ বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। আদালত সেই মামলা খারিজ করে দিয়েছেন। এরপর ২০১৮ সালে তার পরিবারের সম্পদ ও কর প্রদান বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আবারও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। ২০২৩ সালে এই মামলাও খারিজ করেন নিউইয়র্কের একটি আদালত। সূত্র: দ্য গার্ডিয়ান