রুবিওর সঙ্গে বৈঠক, ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক – ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে দেশটির ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে গ্রেপ্তার হওয়া আরও রাজনৈতিক নেতা-কর্মী ও বন্দির মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ আহ্বান জানান রুবিও। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিচ্ছেন রদ্রিগেজ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কো রুবিও। এ পরিকল্পনার প্রথম ধাপ দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একসঙ্গে ছবি তোলেন। তবে এ সময় তারা কোনো বক্তব্য দেননি।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে ভেনেজুয়েলার রাজনৈতিক নেতৃত্বের মধ্যে চলমান সমঝোতা আলোচনার অগ্রগতি নিয়ে দুই নেতা কথা বলেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় এখনো যেসব রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন, তাদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধী নেতা ও বিভিন্ন আন্দোলনকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও উঠেছে। তাদের অনেকের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল, যেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সমালোচকেরা।

ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য ভেনেজুয়েলার ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন পাসের পর অনেক বন্দি মুক্তি পেয়েছেন। তবে এখনো শত শত মানুষ কারাগারে রয়েছেন। রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন। কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কবে নাগাদ হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা—স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক উত্তরণ—বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।