আটলান্টিক সিটি পাবলিক স্কুলের নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউজার্সি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি পাবলিক স্কুলের নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এ উপলক্ষে বুধবার, ২৮ অক্টোবর সকালে আয়োজন করা হয় গ্রাউন্ডব্রেকিং বা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এবং স্কুল বোর্ডের সভাপতি শে স্টিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল বোর্ডের সহসভাপতি ওয়াল্টার জনসন, বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডোনেল হল্যান্ড, টরেস মেফিল্ড, ফরহাদ সিদ্দিক ও আলেক্সাস ইয়াং। এ ছাড়া সিটির কাউন্সিলর, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। নতুন প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগকে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভবনটি চালু হলে স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দাপ্তরিক সমন্বয় এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো গড়ে তোলার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।