ঢাকা : ঢাকার তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম তাহসিফ সৌরি। তার বয়স অনুমানিক ২৮ বছর। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশের সুরাতহাল প্রস্তুত করা হয়েছে। লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে ঘড়ি ও পকেটে আই ফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি রয়েছে। সঙ্গে থাকা আই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন।