ঢাকা : ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আজ বৃহস্পতিবার দেশটির আরব নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। চলতি সপ্তাহের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া দলগুলোর নেতাদের বিরুদ্ধে বিদেশি অর্থায়নের অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গভির লেখেন, কাতারের অর্থায়নের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরব দলগুলোর প্রধানদের গ্রেপ্তারের নির্দেশ ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেতকে ‘আজ সকালেই’ দিতে হবে।
তিনি কয়েকজন মন্ত্রীর তোলা অভিযোগের প্রতি ইঙ্গিত করেন। তাদের দাবি, দলগুলো কাতারের কাছ থেকে অর্থ নিয়েছে। তবে এ অভিযোগেরও কোনো প্রমাণ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী জোট—কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।