শিহাব ওয়াহিদ, ঢাকা: সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে দশম ল্যান্ড ফোর্সেস টকস (LFT)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে দুই দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (USARPAC) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস-বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া।
আলোচনায় দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, কার্যকর সক্ষমতা উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তির ব্যবহার, সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর যৌথ পদক্ষেপের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। দুর্যোগ পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে আসে।
সংলাপ শুরুর আগে ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, এ ধরনের দ্বিপক্ষীয় সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।