মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ-উজবেকিস্তানের আলোচনা

ঢাকা : দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে। ইরাকের বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে আজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখানে জানানো হয়, বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাব্য উপায় হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করেন দুই মন্ত্রী।

এ ছাড়া আকাশপথে যোগাযোগ, পর্যটন এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও তাঁরা মতবিনিময় করেন। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষ।

বৈঠকে বহুপক্ষীয় ফোরামগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আলোচনায় অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে দুই দেশের আগ্রহ প্রতিফলিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ১৭ থেকে ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার অধিবেশনের পূর্ণাঙ্গ সভায় তিনি বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন।