সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি – নিউ জার্সির আটলান্টিক সিটিতে আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে এবং সিটি অব আটলান্টিক সিটির মাল্টিকালচারাল সার্ভিসেস বিভাগের সহযোগিতায় এ সেবার আয়োজন করা হয়েছে। বিএএসজের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্কের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদ, বাংলাদেশের বিভিন্ন সনদপত্র সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সিলসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।