যুক্তরাষ্ট্রে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসে থাকা নেতা-কর্মীদের অবদান স্মরণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে প্রতিটি নেতা-কর্মীকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতা-কর্মীদের জন্য এটাই সময়ের প্রধান দায়িত্ব।” প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।

তিনি বলেন, “গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন কমিটি গঠন করা প্রয়োজন।” এসময় বক্তারা প্রবাসে যুবদলের কার্যক্রমকে আরও সংগঠিত ও কার্যকর করতে কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান। র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন জাহেদ হাসান সুমন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মুরাদুল হাসান রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক রহমান সায়েম, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দারাদ আহমেদ, জাকির আহমেদ, দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও মোহাম্মেদ সোলায়মান।