ব্রুকলিন চিলড্রেনস মিউজিয়ামে ১২ নভেম্বর দীপাবলি উৎসব

নিউইয়র্ক – আলোর উৎসব দীপাবলি উদ্‌যাপন উপলক্ষে আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার, নিউইয়র্কের ব্রুকলিন চিলড্রেনস মিউজিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনে সহযোগিতা করছে সাংস্কৃতিক সংগঠন দ্য কালচার ট্রি (The Culture Tree)। দীপাবলির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক তাৎপর্য শিশু ও পরিবারের কাছে তুলে ধরতে থাকছে নানা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম।

অনুষ্ঠানে পাপেট শো বা পুতুলনাট্যের মাধ্যমে দীপাবলির গল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি শিশুরা ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টি ‘মিঠাই’ তৈরি এবং জাদুঘরের কালারল্যাব আর্ট স্টুডিওতে নিজেদের পছন্দমতো প্রদীপ বা ‘দিয়া’ তৈরির সুযোগ পাবে।

ব্রুকলিন চিলড্রেনস মিউজিয়ামের বিনামূল্যের ‘কমিউনিটি অ্যাকসেস থার্সডে’ কর্মসূচির আওতায় প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের দীপাবলি উদ্‌যাপন আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে অ্যামাজন, সিটিজেনস ফিলানথ্রপিক ফাউন্ডেশন এবং ইনভেস্টরস ফাউন্ডেশন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী পরিবারগুলো বিস্তারিত তথ্য জানতে এবং নিবন্ধন করতে ব্রুকলিন চিলড্রেনস মিউজিয়ামের ওয়েবসাইট ভিজিট করতে পারে: https://www.brooklynkids.org/programs/celebrate-diwali/