নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আগামীকাল মঙ্গলবার, ৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ভোটারদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে নিউইয়র্ক সিটি সিভিক এনগেজমেন্ট কমিশন (NYC Civic Engagement Commission)।
কমিশনের এক বার্তায় বলা হয়েছে, যারা আগাম ভোট দেননি, তাদের এখনই ভোট দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা উচিত। ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান জেনে নেওয়া, ব্যালটে থাকা প্রার্থী ও প্রস্তাবগুলো সম্পর্কে আগেই ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় ডাকযোগে ভোট দেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ সময়সীমা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ২ নভেম্বর সোমবার স্থানীয় বোর্ড অব ইলেকশনস কার্যালয়ে সরাসরি গিয়ে মেইল ব্যালটের জন্য আবেদন করার শেষ দিন। অন্যদিকে, ৩ নভেম্বর নির্বাচনের দিনই ডাকযোগে পাঠানো ব্যালট পোস্টমার্ক করা অথবা নির্ধারিত স্থানে জমা দেওয়ার শেষ সুযোগ।
নিউইয়র্ক সিটি সিভিক এনগেজমেন্ট কমিশন জানিয়েছে, ভোটারদের নিজস্ব ভাষায় ভোট দেওয়ার অধিকার রয়েছে। ভোটকেন্দ্রে প্রয়োজনে পরিবারের সদস্য, বন্ধু কিংবা অন্য কোনো ব্যক্তিকে দোভাষী হিসেবে সঙ্গে নেওয়ার সুযোগও রয়েছে।

কমিশনের ভোটার ল্যাঙ্গুয়েজ অ্যাসিসট্যান্স (VLA) কর্মসূচির আওতায় আগামীকাল নিউইয়র্কের ১০০টি ভোটকেন্দ্রে বিভিন্ন ভাষায় দোভাষী সহায়তা দেওয়া হবে। এসব ভাষার মধ্যে রয়েছে বাংলা, আলবেনীয়, আরবি, চীনা (ক্যান্টনিজ ও ম্যান্ডারিন), ফরাসি, গ্রিক, হাইতিয়ান ক্রেওল, ইতালীয়, কোরীয়, পোলিশ, রুশ, উর্দু ও ইদ্দিশ। বিশেষ করে বাংলা ভাষাভাষী ভোটারদের জন্য এ উদ্যোগ ভোটসংক্রান্ত তথ্য বোঝা এবং ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ভাষাগত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করবে।
ভোটারদের ভোটকেন্দ্রের ঠিকানা, ব্যালটে থাকা প্রার্থী ও প্রস্তাব, নির্বাচনী নির্দেশনা এবং নিজস্ব ভাষায় ভোট দেওয়ার সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট on.nyc.gov/vla দেখার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন নিউইয়র্কবাসীকে নির্বাচনে অংশ নিয়ে নিজেদের মতামত ও পছন্দ প্রকাশের আহ্বান জানিয়েছে।