নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গত ৫ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত এক বিক্ষোভ র্যালিতে বক্তারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো সাধারণ সংগঠন নয়; বরং এই দলের নেতৃত্বেই বাংলাদেশের জন্ম হয়েছে। তাই যারা দেশের লাল-সবুজের পতাকার প্রতি আস্থাশীল নয়, তারাই এমন অবিশ্বাস্য ও দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারে। তারা আরও উল্লেখ করেন, অতীতেও পাকিস্তানি স্বৈরশাসকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। বর্তমানেও একই ধারার রাজনীতি অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
র্যালিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “অবৈধ সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারা যেন ভুলে না যায়—আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থককে বাইরে রেখে অনুষ্ঠিত নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। খুব শিগগিরই নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে উঠবে।”

র্যালির সূচনা বক্তব্য দেন ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, সোলায়মান আলী, জয়নাল আবদিন, জন সিকদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, শরিফ কামরুল হীরা, এম এ মালেক, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শাহনাজ মমতাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন, ব্রঙ্কস আওয়ামী লীগের নেতা মো. মুহিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মো. তুলন, যুবলীগ নেতা সেবুল মিয়া, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া ও জাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নেতা সাবান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন এবং নির্বাহী সদস্য শাহানারা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।