ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে ট্রাকচাপায় নিহত বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)-এর জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জানাজায় অংশগ্রহণ করেন।
নিশাত জান্নাত নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলেই জরুরি সেবা কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি নিউইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। নিশাতের পরিবার জানায়, তার বাবা হেলাল উদ্দিন উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। জানাজার নামাজ শেষে তাকে নিউইয়র্কেই দাফন করা হয়। নিহত নিশাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের সঙ্গে প্রায় আট বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এদিকে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক ঘটনাস্থলেই অবস্থান করেন এবং সামান্য আহত হন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।