সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার বিকেল ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল হক নূরুর স্ত্রী আবেদা জাহান তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘ ২২ বছর ধরে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিগত ৫ আগস্টের পর মিঠামইনে বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। আবেদা জাহান জানান, ধানমন্ডির পপুলার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আব্দুল হক। আগামীকাল সোমবার জোহর নামাজের পর মিঠামইনের কামালপুরে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।