মিশিগানে হাসিনা ও খালেদার নামে সড়ক নামকরণের সিদ্ধান্ত বাতিল

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত এক সপ্তাহের মাথায় মঙ্গলবার বাতিল করে দিয়েছে হ্যামট্র্যামক সিটি কাউন্সিল। একই দিন সন্ধ্যায় সিটি কাউন্সিলের বৈঠকে বাতিল হয়ে যায় ‘শেখ হাসিনা স্ট্রিট’ করার সিদ্ধান্তও। বৈঠকের বরাতে সিটির অন্তর্বর্তী ম্যানেজার আলেক্সান্দার ল্যাগরো বলেন, “এখন থেকে এই শহরের কোনো সড়কের নামই বিদেশি কোনো রাজনীতিকের নামে করার আগ্রহ নেই।”

গত ৬ জানুয়ারি সিটি কাউন্সিলে একটি প্রস্তাব পাস হয়, যেখানে শহরের ‘কার্পেন্টার স্ট্রিটের’ একটি অংশ ‘খালেদা জিয়া স্ট্রিট’ রাখার কথা বলা হয়। এর মধ্যে মঙ্গলবারের সভায় শহরের ‘যোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ’ এবং ‘বাফেলো স্ট্রিটের’ মাঝখানে ‘ক্যানিফ স্ট্রিটের’ একটি অংশের নাম ‘শেখ হাসিনা স্ট্রিট’ রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর সেখানে উপস্থিত বিএনপির সমর্থকরা হৈচৈ শুরু করেন। একপর্যায়ে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে তাদের হট্টগোল হয়। উদ্ভূত পরিস্থিতিতে সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও সিটি মেয়র অ্যাডাম আলহারবি দুটি প্রস্তাবই বাতিল ঘোষণা করেন।

হ্যামট্র্যামক সিটির ছয়জন কাউন্সিলরের চারজনই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। মেয়রসহ অন্য তিনজনের দুজন মধ্যপ্রাচ্যের মুসলমান; একজন আফ্রিকান আমেরিকান। ছোট্ট এই শহরের সিংহভাগ ভোটারই সিলেট অঞ্চলের অভিবাসী এবং তাদের বেশির ভাগই বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক।

এর আগে ২০২১ সালের জুনে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটের পুনর্নামকরণের রেজ্যুলেশন সিটি কাউন্সিলে পাস হয়। এরপর সেখানে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল।

পরবর্তী সময়ে আওয়ামী লীগের সমর্থকরা জোরালো প্রতিবাদ জানালে একই বছরের সেপ্টেম্বরে সেই নামফলক নামিয়ে ফেলা হয়। তবে ইলিনয় স্টেটের শিকাগো সিটির নর্থ ক্লার্ক এলাকায় ৬৬০০ এবং ৬৮০০ ব্লকের মধ্যেকার রাস্তার নামকরণ ২০১৪ সালের ডিসেম্বরে করা হয় ‘জিয়াউর রহমান ওয়ে’।

সেই নামকরণ বাতিলের দাবিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। কিন্তু নির্ধারিত তারিখে আদালতে অ্যাটর্নি উপস্থিত না হওয়ায় সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে ‘জিয়াউর রহমান ওয়ে’ বহাল থাকে। অন্যদিকে শিকাগো সিটির ডাউন টাউনে ডেভন অ্যাভিনিউয়ের অংশবিশেষের নামকরণ ১৯৯৭ সালে ‘শেখ মুজিব ওয়ে’ করা হয়। সেটি এখনও বহাল রয়েছে।