নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব করেছে। রোববার কুইন্সের ট্যারেস অন দ্য পার্ক অডিটরিয়ামে এ আয়োজন করেন তারা। শুরুতে ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা ‘আমি বাংলায় গান গাই’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক ও সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে ‘সোসাইটি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। তারা হলেন- সৈয়দ মুহাম্মদ উল্লাহ, কামাল আহমেদ, সাইদুর রহমান ডন, সেলিমা আশরাফ, মোশারফ হোসেন খান চৌধুরী ও কাজী আজহারুল হক মিলন।
এছাড়া সম্মাননা পায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’। অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশ সোসাইটিকে কমিউনিটি সেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক দেন। কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকেও সম্মাননা দেওয়া হয়। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন নামিরা মেহেদি, ভিক্টর ঘোষ ও আনিকা জেবা।
সংগঠনের সাবেক সভাপতি হামিদুজ্জামান বলেন, “কার্যকরী কমিটিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে। বাংলাদেশ সোসাইটি আজ ঐক্যের প্রতীক। ভবিষ্যতে একটি আধুনিক সাংস্কৃতিক ও সামাজিক বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
শারমিন সোনিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম মিয়া, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ।স্মৃতিচারণ করেন ফখরুল আলম ও আব্দুর রহিম হাওলাদার। শেষে গান পরিবেশন করেন, রানু নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, কালা মিয়া ও হাসান নীলু।