রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে যুক্তরাষ্ট্রে, পরিবর্তন হবে বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে চলতি বছরের ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি) বা দিবালোক সাশ্রয়ী সময়। আগামী ১ নভেম্বর (রোববার) স্থানীয় সময় ভোর রাত ২টায় দেশটির অধিকাংশ অঞ্চলের ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টা করা হবে। এর ফলে ৩১ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে মার্কিন বাসিন্দারা ঘুমানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন।

এই সময় পরিবর্তনের ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের ব্যবধানও পুনর্বিন্যাস হবে। উদাহরণস্বরূপ, নিউইয়র্কসহ দেশটির পূর্বঞ্চলীয় (ইস্টার্ন টাইম) এলাকার সাথে বর্তমানে বাংলাদেশের সময়ের ব্যবধান ১০ ঘণ্টা, যা রোববার থেকে বেড়ে ১১ ঘণ্টা হবে।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ৪৮টি অঙ্গরাজ্যে এই নিয়ম কার্যকর হলেও হাওয়াই, অ্যারিজোনার অধিকাংশ অঞ্চল এবং মার্কিন অধীনস্থ পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জের মতো অঞ্চলগুলো এই পরিবর্তনের আওতায় পড়বে না, কারণ সেখানে ডিএসটি পদ্ধতি অনুসরণ করা হয় না।

উল্লেখ্য, প্রতি বছর মার্চের দ্বিতীয় রোববার যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ডিএসটি শুরু হয় এবং নভেম্বরের প্রথম রোববারে তা পিছিয়ে পুনরায় প্রমিত সময়ে (স্ট্যান্ডার্ড টাইম) ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিনের এই দ্বিবার্ষিক সময় পরিবর্তনের প্রথা স্থায়ীভাবে বন্ধ করতে মার্কিন কংগ্রেসে আইন পাসের চেষ্টা চললেও, ভৌগোলিক অবস্থান ও বিশেষজ্ঞদের ভিন্নমতের কারণে তা এখনো চূড়ান্ত রূপ পায়নি। এই নতুন সময়সূচি আগামী বছরের ১৪ মার্চ পর্যন্ত বহাল থাকবে।