নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিং এলাকায় দুই নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. ফাজুল ইউসুফ (Dr. Fazul Yusuf)। অভিযোগকারী দুই রোগীর একজনের বয়স ১৫ বছর এবং অন্যজনের ২০ বছর।
পুলিশের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে জানা যায়, গত ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে এনওয়াইপিডির (NYPD) স্পেশাল ভিকটিমস স্কোয়াড তাকে গ্রেপ্তার করে। ফ্লাশিংয়ে তার চিকিৎসাকেন্দ্রে দুই নারী রোগীর সঙ্গে পৃথক ঘটনায় যৌন অসদাচরণের অভিযোগের তদন্তের পর এ গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্র অনুযায়ী, ঘটনাগুলো ঘটে গত ২০ অক্টোবর চিকিৎসকের ফ্লাশিংয়ের চিকিৎসাকেন্দ্রে।
অভিযোগে বলা হয়েছে, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ২০ বছর বয়সী এক নারী রোগী চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তার সম্মতি ছাড়াই পোশাকের ভেতরে হাত ঢুকিয়ে ব্রার নিচে স্তনে স্পর্শ করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় চিকিৎসক ওই নারীকে তার সৌন্দর্য সম্পর্কে মন্তব্য করেন এবং নিজের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।
এর প্রায় ১৫ মিনিট পর, বিকেল ৫টা ৩০ মিনিটে ১৫ বছর বয়সী আরেক রোগীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, চিকিৎসক ওই কিশোরীর উরুতে হাত দেন এবং পোশাকের ওপর দিয়ে স্তনে স্পর্শ করেন। এ সময়ও তিনি একই ধরনের মন্তব্য করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ডা. ইউসুফের বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ২৭ অক্টোবর কুইন্স ক্রিমিনাল কোর্টে বিচারক ইন্দিরা খানের সামনে তাকে হাজির করা হয়। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
আদালত ১০ হাজার ডলার নগদ জামিন অথবা ৩০ হাজার ডলারের বন্ডের মাধ্যমে জামিনের সুযোগ নির্ধারণ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে অস্থায়ী সুরক্ষা আদেশ জারি করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং ৩০ অক্টোবর পুনরায় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে NYPD-এর স্পেশাল ভিকটিমস স্কোয়াড। একই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়ে অন্য কেউ এ ধরনের ঘটনার শিকার হয়ে থাকলে তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পুলিশের যোগাযোগ নম্বর NYPD Sex Crimes Hotline: 212-267-7273, এবং Crime Stoppers: 1-800-577-TIPS (8477)। তথ্য প্রদানকারীরা NYPD Crime Stoppers-এর ওয়েবসাইটের মাধ্যমেও তথ্য দিতে পারবেন। মামলাটি এখনো বিচারাধীন। অভিযুক্ত চিকিৎসক নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।
এদিকে, ৭২ বছর বয়সী ডা. ফাজুল ইউসুফের গ্রেপ্তারের ঘটনায় কুইন্সের বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কমিউনিটির অনেকের মধ্যে অভিযোগের সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাদের কেউ কেউ ঘটনাটিকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে মত প্রকাশ করেছেন।
কমিউনিটির অনেকের মতে, ডা. ইউসুফ দীর্ঘদিন ধরে কুইন্সে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তাদের দাবি, এতদিন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কথা তারা শোনেননি। ফলে ৭২ বছর বয়সে এসে তিনি এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন—এটি তাদের কাছে বিশ্বাস করা কঠিন বলে মনে হচ্ছে।
তবে কমিউনিটির এসব প্রতিক্রিয়া ব্যক্তিগত মতামত; অভিযোগের সত্যতা বা অসত্যতা নির্ধারণের প্রমাণ নয়। অন্যদিকে, অভিযোগকারী দুই রোগীর বক্তব্য এবং পুলিশের তদন্তও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। মামলার প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।