আইরিন রহমান, নিউইয়র্ক – নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় থাকা পরিবারগুলো কৃষকের বাজার থেকে তাজা ফলমূল ও শাকসবজি কেনার জন্য ৪০ শতাংশ বেশি সুবিধা পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘হেলথ বাকস’ কর্মসূচিতে দৈনিক সর্বোচ্চ সহায়তার পরিমাণ ১০ ডলার থেকে বাড়িয়ে ১৪ ডলার করা হবে। এ কর্মসূচিতে নির্ধারিত কৃষকের বাজার ও খামারের পণ্য বিক্রয়কেন্দ্রে তাজা ফলমূল ও শাকসবজি কেনার ক্ষেত্রে প্রতি ২ ডলার খরচের বিপরীতে আরও ২ ডলারের সমপরিমাণ সহায়তা পাওয়া যায়।
নগর প্রশাসনের প্রত্যাশা, ২০২৭ সালে এ কর্মসূচির আওতায় প্রায় ২৩ লাখ ডলারের সহায়তা বিতরণ করা হবে। এতে খাদ্যসহায়তা পাওয়া পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার কেনার সুযোগ পাবে। পাশাপাশি উপকৃত হবেন স্থানীয় কৃষক ও বাজারের বিক্রেতারা।
মেয়র মামদানি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ছে কি না, সেই উদ্বেগ নিয়েই প্রতিদিন নিউইয়র্কবাসী দোকানে যান। খাদ্যসংকট বাড়তে থাকায় অনেক পরিবারকে ফলমূল ও শাকসবজি কেনা কমিয়ে দিতে হচ্ছে। এ কর্মসূচি খাদ্যসহায়তা পাওয়া পরিবারগুলোর জন্য তাজা খাবার কেনা সহজ করবে এবং স্থানীয় বাজার ও খামারের বিক্রেতাদের সহায়তা করবে।
স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র ডা. হেলেন আর্তেয়াগা বলেন, তাজা ফলমূল ও শাকসবজি কেনা কোনো বিলাসিতা নয়; বরং প্রতিটি পরিবারের সামর্থ্যের মধ্যে থাকা উচিত। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও খাদ্যসংকটের কারণে অনেক নিউইয়র্কবাসীর জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের কমিশনার ডা. অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, হেলথ বাকসের দৈনিক সর্বোচ্চ সীমা ১৪ ডলারে উন্নীত হলে খাদ্যসহায়তা পাওয়া পরিবারগুলোর ক্রয়ক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় কৃষকেরাও উপকৃত হবেন। তিনি হৃদ্রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের নতুন গবেষণা অনুযায়ী, খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের প্রায় ৮০ শতাংশের জন্য সুষম খাবার কেনা কঠিন ছিল। তাঁদের মধ্যে ১৮ শতাংশ আগের দিন কোনো ফলমূল বা শাকসবজি খাননি। এ ছাড়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্যপ্যান্ট্রিসহ জরুরি খাদ্যসহায়তা কেন্দ্র থেকে খাবার পেয়েছেন।
নগর সরকারের অর্থায়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের গাস শুমাখার পুষ্টি প্রণোদনা কর্মসূচির আওতায় নতুন করে ৫৭ লাখ ডলারের অনুদান যুক্ত হয়েছে। এ অর্থের লক্ষ্য হলো খাদ্যসহায়তা পাওয়া পরিবারগুলোকে আরও বেশি ফলমূল ও শাকসবজি কিনতে উৎসাহিত করা। কৃষকের বাজারে কেনাকাটার বিপরীতে অতিরিক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি নগর স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের মাধ্যমে হেলথ বাকস বিতরণ করে। পুষ্টিবিষয়ক শিক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণকারীরাও এ সুবিধা পেতে পারেন।
নিউইয়র্কবাসীর জন্য স্বাস্থ্যকর খাবার আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছে মামদানি প্রশাসন। এর আগে চলতি বছর পূর্ব হারলেমের লা মারকেতাকে নগর সরকারের নিজস্ব মুদি দোকান কর্মসূচির প্রথম নির্ধারিত স্থান হিসেবে ঘোষণা করা হয়। মেয়রের প্রথম মেয়াদ শেষ হওয়ার মধ্যে নিউইয়র্কের পাঁচটি বরোতেই একটি করে সরকারি মুদি দোকান চালুর পরিকল্পনা রয়েছে। এ বছর হেলথ বাকস কর্মসূচির ২০ বছর পূর্তি হচ্ছে। ২০০৫ সাল থেকে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচির আওতায় ২ কোটি ডলারেরও বেশি মূল্যের সহায়তা বিতরণ করেছে।