আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ নানা ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম চলে। এতে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন।

ফুড ব্যাংক কার্যক্রমে সহযোগিতা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সময়ে এ উদ্যোগ কমিউনিটির মানুষের মধ্যে সাড়া ফেলে। খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে অভাবী ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন জোরদার করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাসে চারবার ফুড ব্যাংকের আয়োজন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কমিউনিটির মানুষের খাদ্যসহায়তার চাহিদা পূরণে সংগঠনটি ভূমিকা রেখে চলেছে। ফুড ব্যাংক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।