৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে ৯/১১ মিউজিয়ামে নতুন প্রদর্শনী

নিউইয়র্ক:২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী স্মরণে নিউইয়র্কের ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে উন্মোচিত হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। গত ৩১ আগস্ট সোমবার ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংলগ্ন জাদুঘরটিতে সাংবাদিকদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ের পর প্রদর্শনীটি উন্মুক্ত করা হয়।

“In Their Honor: 25 Years of 9/11-Inspired Service” শীর্ষক এই বিশেষ প্রদর্শনীটি আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। প্রদর্শনীতে ৯/১১ হামলার ট্র্যাজেডির পাশাপাশি গত আড়াই দশকে মানুষের গড়ে তোলা সেবা, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগের দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়েছে।

সোমবারের মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামের প্রেসিডেন্ট ও সিইও বেথ হিলম্যান, হামলায় স্বজন হারানো পরিবারের সদস্য লোগান মিলার এবং জাদুঘরের শিক্ষা ও পাবলিক প্রোগ্রামিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোয়া রাউস।

বক্তারা জানান, নতুন এই আয়োজনে শুধু নিহতদের স্মরণই নয়, বিপর্যয় কেটে ওঠার পর মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার যে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা বিশেষভাবে সামনে আনা হয়েছে।

হামলায় প্রাণ হারানো প্রায় তিন হাজার মানুষের স্মৃতি স্মরণে ২৫ বছর পূর্তির মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায়। এতে নিহতদের পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষ, ফার্স্ট রেসপন্ডার এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেবেন।