প্রতারণার দায়ে নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার

নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: ব্যাংকের নিরাপত্তা কর্মীর পরিচয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার পর আরও ৩০ হাজার ডলার নেওয়ার চেষ্টাকালে নিউ জার্সিতে দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। রিভারসাইড পুলিশের হাতে শুক্রবার গ্রেপ্তার হওয়া এ দুই ব্যক্তি হলেন- অ্যাগ হারবারেন এলাকায় বসবাসরত মোহাম্মদ এন ইসলাম (৪৮) ও ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম (৫৮)। এদের মধ্যে এন ইসলামের বাড়ি নড়াইলে এবং জেড ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। রিভারসাইড টাউনশিপ পুলিশ বিভাগের মুখপাত্র এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, প্রতারণা ও জালিয়াতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই নারীর পরিচয় দেয়নি পুলিশ। ওই  নারীর অভিযোগের বরাতে পুলিশ বলছে, কয়েকদিন আগে সেখানকার এক নারী অভিযোগ করেছেন সংঘবদ্ধ প্রতারকরা ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৫ হাজার ডলার নিয়েছে। তার কম্পিউটারে একটি ভাইরাস তৈরি হয়েছে এবং তা ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তাকে বিঘ্নিত করছে বলে ওই প্রতারকরা তার ওপর চাপ তৈরি করে। এ নিয়ে এফবিআই তদন্তে নামলে ওই নারী মারাত্মক সমস্যায় পড়তে পারেন বলে ভয় দেখিয়েছিলেন এ দুই ব্যক্তি।

ঘটনার বর্ণনায় রিভারসাইড পুলিশ বলছে, এরপর ভাইরাস সম্পর্কিত জটিলতা থেকে রেহাই পেতে ওই নারীর কাছে একটি ফোন নম্বর পাঠানো হয়। তিনি ২৫ হাজার ডলার দিলে তাকে আর হয়রানির মুখে পড়তে হবে না বলে আশ্বস্থ করা হয়। তাদের কথায় আস্থা রেখে ওই নারী ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় যে, নগদ ২৫ হাজার ডলার ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা কর্মীকে দিতে হবে। ব্যাংকের নিরাপত্তা কর্মীরা তার বাসা থেকে ব্যাংকের খামে তা গ্রহণ করবেন। সে অনুযায়ী ওই নারী ব্যাংক থেকে ২৫ হাজার ডলার তুলে বাসায় আনেন এবং এক ব্যক্তি তা সংগ্রহ করেন।

এর কিছুক্ষণ পর আবারো ফোন করে আরও ৩০ হাজার ডলার দাবি করা হলে তিনি পুলিশের কাছে যান। তখন পুলিশের পরামর্শে তিনি এ অর্থ নিতে তার বাসায় ডাকেন ওই ব্যক্তিদের। ওই ব্যক্তিরা বাসায় এলে আগে থেকে সেখানে লুকিয়ে থাকা পুলিশ তাদের আটক করে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হয়। তদন্ত কর্মকর্তারা বলেন, আদালতে হাজিরার শর্তে তারা জামিন পেয়েছেন। কেউ এমন প্রতারণার মুখোমুখি হলে রিভারসাইড পুলিশ নাগরিকদের পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে স্প্যাম কল জালিয়াতির ঘটনায় নিউ ইয়র্কের বাফেলোতে বসবাসরত চাঁদপুরের নিয়ামত উল্লাহকে (৩১) পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন তার গাড়ি থেকে সোনার মুদ্রা এবং নগদ লক্ষাধিক ডলার উদ্ধারের তথ্য দিয়েছিল পুলিশ। নিয়ামত উল্লাহ নিজেকে ‘নর্টন অ্যান্টিভাইরাস’ টিমের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তিকে হুমকি দিয়ে মোটা অঙ্কের ডলার দাবি করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তাকে টাইগার্ট ভ্যালি আঞ্চলিক কারাগারে পাঠানোর তথ্য দিয়েছে পুলিশ।