সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত আমিরাত দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন। এসব বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়। অন্তর্বর্তী সরকার দণ্ডিতদের ক্ষমা করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।
ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।