জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় তাঁর স্ত্রী কামরুন নেসা মা হয়েছেন, খবরটি নিশ্চিত করেছেন রুমি। তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তার পরিবারের সবাই আনন্দিত।সন্তানের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়ক।
নিজের সামাজিক মাধ্যমে পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন রুমি। পোস্টে তিনি রুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।’
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত শুভকামনা জানান নবজাতক ও মায়ের জন্য। রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা। এই দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে। এর আগে তিনি লামিয়া ইসলাম নামের একজনকে বিয়ে করেন, সেই সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে।