জ্যাকসন হাইটসে ‘দ্য ইউনুস ফাইলস: আনমাসকিং এ ফেক সেইন্ট’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘The Yunus Files: Unmasking a Fake Saint’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৬টায় ৩৭-০৬, ৭৭তম স্ট্রিটে অবস্থিত জুইশ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালি লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী।

আমিনুল হক পলাশ ও প্রবীর বিধান রচিত বইটিতে ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি, তাঁর কর্মকাণ্ড এবং বিভিন্ন ভূমিকা নিয়ে লেখকদের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বইটির বিভিন্ন অধ্যায়, বিষয়বস্তু এবং বাংলাদেশের সমকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাজুল ইমাম। প্রধান আলোচক ছিলেন কবি ও বিশ্লেষক হাসান আল আবদুল্লাহ। তিনি বইটির বিভিন্ন অংশ উদ্ধৃত করে ড. ইউনূসের কর্মকাণ্ড ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ন তুলে ধরেন। তাঁর বক্তব্যে ইউনূসের ভূমিকা নিয়ে সমালোচনা স্থান পায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মিরাজ। তিনি ইউনূসের নেতৃত্বাধীন সময়কালে মুক্তিযোদ্ধাদের প্রতি আচরণ ও তাঁদের অবস্থান নিয়ে সমালোচনা করেন। আওয়ামী লীগ নেতা প্রদীপ কর এবং মোহাম্মদ আলী সিদ্দীকীও ড. ইউনূসের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। অনলাইনে যুক্ত হয়ে বইটির অন্যতম লেখক আমিনুল হক পলাশ গ্রন্থটি রচনার পটভূমি ও নিজের উপলব্ধি তুলে ধরেন। শিক্ষাবিদ ও সমাজকর্মী হোসনে আরা বেগম বইটির বিষয়বস্তু, সারসংক্ষেপ ও সমকালীন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

লেখক ও শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী তাঁর বক্তব্যে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে ড. ইউনূসের নেতৃত্বাধীন সময়কালে দিবসটি পালনের বিষয় নিয়ে সমালোচনা করেন। সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ ড. ইউনূসের অতীত কর্মকাণ্ড নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। কবি ও চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা বইটির বিভিন্ন অধ্যায় বিশ্লেষণ করে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আমানুল ইসলাম, শওকত আকবর, মঞ্জুর তালুকদার, রশীদ আবেদীন, সালমা বেগম, রুমানা আক্তার, ফারহিন শাহ ও জালাল উদ্দিনসহ অন্যরা।

আয়োজক প্রকাশনা প্রতিষ্ঠান নালন্দার পক্ষে প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। কবি ও গল্পকার নাজনীন সীমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এবং পাঠকদের মধ্যে সমকালীন ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অনুসন্ধিৎসা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও পাঠকদের চা-নাশতা পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।