নিউইয়র্কে ১১ লাখ ডলারের অবৈধ চেক নগদায়ন, নারী গ্রেপ্তার

নিউইয়র্ক: নিউইয়র্কের ৫৫ বছর বয়সী শু ফাং চেংকে (Xue Fang Cheng) সোমবার গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে চেক নগদায়ন সেবা দেওয়ার অভিযোগে ২৩ অক্টোবর নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালতের নথি অনুযায়ী, চেং নিউইয়র্কের একটি কনভেনিয়েন্স স্টোরের মালিকদের একজন ছিলেন। ওই দোকানের মাধ্যমে অন্তত তিনজনকে লাইসেন্সবিহীন চেক নগদায়ন সেবা দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে একজন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের মালিক এবং একজন গোপন পরিচয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর এজেন্ট ছিলেন।

অভিযোগ অনুযায়ী, চেং গ্রাহকদের বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক ব্যাংক হিসাবে চেক জমা দিতে নির্দেশ দিতেন। এসব কোম্পানি অন্য ব্যক্তিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর তিনি গ্রাহকদের কাছ থেকে ২ থেকে ৩ শতাংশ ফি নিয়ে চেকের বিপরীতে নগদ অর্থ দিতেন। আদালতের নথিতে বলা হয়েছে, চেং টেক্সট ও অডিও বার্তার মাধ্যমে এসব লেনদেনের তথ্য সংরক্ষণ করতেন। তিনি গোপন পরিচয়ে কাজ করা ওই এজেন্টকে দীর্ঘমেয়াদে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করার কথাও বলেছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছিলেন, কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত চেংয়ের সংশ্লিষ্টতায় গ্রাহকদের ১১ লাখ ডলারের বেশি নগদ অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৮ লাখ ৭৫ হাজার ডলার জব্দ করেছে। লাইসেন্সবিহীন অর্থ স্থানান্তরকারী ব্যবসা পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে চেংয়ের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড, নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-ইন্সপেক্টর জেনারেল মিরান্ডা এল. বেনেট, নিউইয়র্কে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্সের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট পিট গিজাস এবং নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ এ গ্রেপ্তার ও অভিযোগের ঘোষণা দেন।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্সের নিউইয়র্ক শাখা এবং নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনাটি তদন্ত করছে। বিচার বিভাগের ফ্রড ডিভিশনের হেলথ কেয়ার ফ্রড সেকশনের ডেপুটি চিফ প্যাট্রিক জে. ক্যাম্পবেল এবং ট্রায়াল অ্যাটর্নি লিওনিড স্যান্ডলার মামলাটি পরিচালনা করছেন।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফ্রড ডিভিশন গঠনের ঘোষণা দেয়। আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণার ঘটনাগুলো তদন্ত ও বিচারের আওতায় আনতে বিভাগটি কাজ করে। ফেডারেল সুবিধা কর্মসূচিতে জালিয়াতি, অপচয় ও অপব্যবহার বন্ধে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সভাপতিত্বে গঠিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাস্কফোর্সের কার্যক্রমকেও বিচার বিভাগের এ উদ্যোগ সহায়তা করে।

বিচার বিভাগের হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স কর্মসূচির আওতায় দেশজুড়ে বিভিন্ন ফেডারেল জেলায় নয়টি স্ট্রাইক ফোর্স কাজ করছে। ২০০৭ সাল থেকে এ কর্মসূচির আওতায় ৬ হাজার ২০০-এর বেশি আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় অভিযুক্তরা সম্মিলিতভাবে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচি ও বেসরকারি বিমা প্রতিষ্ঠানগুলোর কাছে ৪৫ বিলিয়ন ডলারের বেশি বিল জমা দিয়েছিলেন বলে বিচার বিভাগ জানিয়েছে।

মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্র (সিএমএস) স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের সঙ্গে কাজ করে স্বাস্থ্যসেবা খাতে জালিয়াতির সঙ্গে জড়িত সেবাদানকারীদের জবাবদিহির আওতায় আনার পদক্ষেপও নিচ্ছে। বিচার বিভাগের হেলথ কেয়ার ফ্রড সেকশনের ওয়েবসাইটে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।