নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে

নিউইয়র্ক: নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’। বর্ণাঢ্য এই আয়োজনে গ্র্যান্ড মার্শাল হিসেবে নেতৃত্ব দেবেন সাপ্তাহিক ঠিকানা পত্রিকার চেয়ারম্যান এম এম শাহীন  এবং এনওয়াই হোমকেয়ারের সিইও এবং বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। বুধবার (১ এপ্রিল) এ উপলক্ষে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সকল বাংলাদেশিকে প্যারেডে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্যারেড আয়োজন কমিটির চেয়ারপারসন এটর্নী মঈন চৌধুরী, কনভেনার গিয়াস আহমেদ, সদস্য সচিব ফাহাদ সোলাইমান, কো-চেয়ার ক্যাপ্টেন প্রিন্স আলম, ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি এবং গ্র্যান্ড স্পন্সর এনওয়াই হোমকেয়ারের ডাইরেক্টর ফয়সাল আজিজ। আগামী ১৭ মে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে প্যারেড অনুষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরবে। এবার বিনামূল্য আপনার সংগঠন রেজিষ্ট্রেশন করতে পারবেন।

প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ও ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। আয়োজকরা জানান, প্যারেড সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজন আগের চেয়ে আরও বর্ণাঢ্য হবে।